আইজিপির সঙ্গে রেড ক্রস প্রতিনিধিদলের সাক্ষাৎ

রোহিঙ্গা নিরাপত্তা, প্রশিক্ষণ ও স্বেচ্ছাসেবীদের নিরাপত্তা বিষয়ে আলোচনা

Posted by:

on

ঢাকা, ১১ নভেম্বর ২০২৫:নিউজ চ্যানেল বিডি

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম বিপিএম-এর সঙ্গে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্যা রেড ক্রস (আইসিআরসি)-এর দুই সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আইসিআরসি’র হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লুরি (Nicolas Fleury)।

সাক্ষাৎকালে নিকোলাস ফ্লুরি বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের নিরাপত্তা ও আইনি সহায়তা প্রদানে বাংলাদেশ পুলিশের ভূমিকার প্রশংসা করেন। তিনি পুলিশ সদস্যদের প্রশিক্ষণ চাহিদা সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন এবং রেড ক্রসের কার্যক্রমের পরিধি তুলে ধরেন।

এছাড়া, প্রতিনিধিদল দুর্যোগ ও দুর্ঘটনাকালে রেড ক্রস স্বেচ্ছাসেবীদের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়ে বাংলাদেশ পুলিশের সঙ্গে সহযোগিতার আগ্রহ প্রকাশ করে।

আইজিপি বাহারুল আলম বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।