স্টাফ রিপোর্টার, ১৪ ই নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে একটি দল ধর্মের নামে রাজনীতি করছে এবং সেই দলের হাতে নারীরা নির্যাতনের শিকার হচ্ছে। তিনি অভিযোগ করেন, “একটি দল বলছে নারীদের কর্মঘণ্টা কমানো হবে। কর্মঘণ্টা কমিয়ে দিলে নারীরা কর্মসংস্থান হারাবে। যারা এসব কথা বলছে তাদের উদ্দেশ্য খারাপ—তারা চায় নারীদের ঘরে ঢুকিয়ে দিতে।”
তিনি আরও বলেন, আগামী দিনে বাংলাদেশে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোন বিভাজন থাকবে না। সংবিধান অনুযায়ী দেশের সব নাগরিকই সমান অধিকার ভোগ করবে।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, “জুলাই সনদে যেভাবে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে, বিএনপি সেগুলো অক্ষরে অক্ষরে পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ। এর বাইরে যদি নতুন কিছু চাপিয়ে দেওয়া হয়, সেটি জনগণই বিবেচনা করবে।”
সংসদের ক্ষমতা ও অধিকার নিয়ে তিনি স্পষ্ট করেন, “কোনো আইন বা আদেশ দিয়ে সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা যাবে না। এমন কোনো আরোপিত বিষয় থাকতে পারে না যা সংসদের ক্ষমতা খর্ব করে।”
তিনি আরো বলেন, “শুধু গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন করা যাবে না, সংবিধান সংশোধনও করা সম্ভব নয়। রাষ্ট্র পরিচালনার সব সিদ্ধান্ত সংসদের মাধ্যমেই নিতে হবে।”





