হাইকোর্ট এলাকার ফুটপাতে ড্রামে মিলল তরুণের মরদেহ: প্রেমঘটিত বিরোধে হত্যার অভিযোগে দুজন গ্রেফতার

লাশ গুম করতে ড্রাম কিনে টুকরো করে ফেলে যায় ঘাতক যুগল

ছবি: ডিএমপি মিডিয়া সেল

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ১৫ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি

রাজধানীর একটি বাসায় প্রেমঘটিত জটিলতার জেরে আশরাফুল নামে এক তরুণকে হত্যার অভিযোগে শামীমা আক্তার ও জরেজুল ইসলাম নামে দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। হত্যার পর লাশ গুমের জন্য টুকরো করে ড্রামে ভরে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের পাশে ফেলে যায় তারা।

ডিবি জানায়, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিরোধের জেরে আশরাফুলের সঙ্গে শামীমা ও জরেজুলের তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে তারা আশরাফুলকে বেঁধে ফেলে এবং জরেজুলের আঘাতে আশরাফুল মারা যায়।

হত্যার পর দুজনই লাশ গুমের পরিকল্পনা করে। ১২ নভেম্বর সারারাত লাশ বাসার মধ্যেই রেখে পরদিন সকালে প্লাস্টিকের ড্রাম, পলিথিন ও ধারালো অস্ত্র কেনে। পরে বাথরুমে লাশ টুকরো করে ড্রামে ভরে একটি সিএনজি ভাড়া করে বের হয়ে যায়।

১৩ নভেম্বর সকালে হাইকোর্ট এলাকার জাতীয় ঈদগাহ মাঠের পাশে ফুটপাতে ড্রামগুলো রেখে দ্রুত বাসায় ফিরে যায় তারা এবং পালানোর চেষ্টা করে। শামীমা কুমিল্লায় চলে যায়, আর জরেজুল প্রথমে রংপুরে যাওয়ার সিদ্ধান্ত নিলেও পরে কুমিল্লায় এক বন্ধুর বাসায় লুকিয়ে পড়ে। সেখান থেকেই তাকে গ্রেফতার করে ডিবি।

পুলিশ জানায়, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের তদন্ত অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।