পটুয়াখালীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল, নির্বাচন শান্তিপূর্ণ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম

১৭ নভেম্বরের রায় ও আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সব বাহিনী প্রস্তুত— চ্যালেঞ্জ নেই বলে মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার

Posted by:

on

স্টাফ রিপোর্টার | ১৫ নভেম্বর ২০২৫ | নিউজ চ্যানেল বিডি | পটুয়াখালী


পটুয়াখালী সফরে এসে শহরের পরিচ্ছন্নতা ও সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “শহরটি খুবই নিট অ্যান্ড ক্লিন। এটি শুধু প্রশাসনের নয়, এখানকার জনগণ, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাংবাদিকদের অবদানে সুন্দরভাবে রক্ষা করা হয়েছে। আমি আন্তরিক ধন্যবাদ জানাই সবাইকে।”

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৭ তারিখে যে রায় ঘোষণা হবে, তা ঘিরে কোনো আশঙ্কা নেই। আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে।

জাতীয় সংসদ নির্বাচন সামনে চ্যালেঞ্জ তৈরি করতে পারে কি না— এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্টভাবে বলেন,
“এখানে কোনো চ্যালেঞ্জ নেই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথম দিকে রোজার আগে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সময়মতো তফসিল ঘোষণা করবে। আমরা প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছি।”

তিনি জানান, নির্বাচনকালীন শান্তি–শৃঙ্খলা রক্ষায় বিশেষ নিরাপত্তা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন—

নির্বাচনকে সামনে রেখে নয় দিনের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর হবে।

সেনাবাহিনী প্রায় ১ লাখ, পুলিশ ১ লাখ ৫০০, বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ডসহ সব বাহিনী মাঠে থাকবে।

আনসার বাহিনীকে এবার আরও শক্তিশালী করা হবে; তাদের জন্য অতিরিক্ত অস্ত্র ও বডি ক্যাম সরবরাহ করা হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
“নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে। জনগণও যখন নির্বাচনমুখী হয়ে যায়, তখন কেউ বাধা দিতে পারে না।”

এ সময় তিনি সাংবাদিকদের সক্রিয় ভূমিকারও প্রশংসা করেন।