মওলানা ভাসানীর আদর্শে সাধারণ মানুষের মুক্তির রাজনীতি প্রাসঙ্গিক আজও: মির্জা ফখরুল

জাতীয় প্রেস ক্লাবে ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা সভা

Posted by:

on

স্টাফ রিপোর্টার | ১৬ নভেম্বর ২০২৫ | নিউজ চ্যানেল বিডি


মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গঠিত মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি-র উদ্যোগে আজ রোববার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,
মওলানা ভাসানীর জীবন ছিল অত্যন্ত সহজ-সরল, সাধারণ মানুষের জীবনের মতোই। তিনি সাধারণ মানুষের জন্য জীবনভর লড়াই ও সংগ্রাম করেছেন। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে তার কোনো ক্লান্তি ছিল না।

তিনি বলেন, ভাসানীকে বুঝতে হলে তার জীবন, তার কর্ম, তার সংগ্রাম কাছ থেকে দেখা দরকার। ইতিহাসবিদ, সমাজবিদ, বিশিষ্ট সাংবাদিকরা তার ওপর বহু গবেষণা করেছেন এবং বই লিখেছেন। আমাদের বিশিষ্ট সাংবাদিকদের লেখা ‘লাল মওলানা’ বইটি এখনো ভাসানীকে বুঝতে গুরুত্বপূর্ণ দলিল।

মির্জা ফখরুল বলেন,
“তিনি বলতেন—এই দেশে কামার-কুমার, কৃষক-শ্রমিক, সাধারণ মানুষের উন্নয়ন ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। সমাজতন্ত্র ও ইসলামের মধ্যে তিনি কোনো বিরোধ দেখতেন না। তিনি বিশ্বাস করতেন, ইসলাম সাধারণ মানুষের বিরুদ্ধে কখনোই যায় না। ইসলামের অর্থনৈতিক বিধানও সাধারণ মানুষের কল্যাণের জন্য; সমাজতন্ত্রের নীতিও ঠিক একইভাবে মানুষের কল্যাণের জন্য।”

তিনি আরও বলেন, ভাসানীর রাজনৈতিক জীবন তিনটি যুগ—ব্রিটিশ ভারত, পাকিস্তান ও বাংলাদেশ—জুড়ে বিস্তৃত। প্রতিটি সময়েই তিনি তার দৃঢ় অবস্থান, সংগ্রামী নেতৃত্ব ও জনসম্পৃক্ত রাজনীতির মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন।

মির্জা ফখরুল স্মৃতিচারণ করে বলেন,
“৬৯-এর গণঅভ্যুত্থানের সময় পর্দার ময়দানে তার জনসভা এখনো মনে পড়ে। মানুষের জন্য কীভাবে রাজনীতি করতে হয়, তার জীবনে তা দেখেছি।”