নিজস্ব প্রতিবেদক | ১৬ নভেম্বর ২০২৫ | নিউজ চ্যানেল বিডি
আগামী প্রজন্মের শিক্ষাঙ্গনকে নতুন চিন্তা ও নতুন স্বপ্নের মাধ্যমে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা–১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তিনি বলেন, শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতিকে সমান গুরুত্ব দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে গুণগত পরিবর্তন আনা হবে।
রোববার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর পল্লবীর জিয়া মহিলা কলেজে নবীনবরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং অভিভাবক–শিক্ষার্থী মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন,
“আগামী শিক্ষাঙ্গন হবে নতুন চিন্তা ও নতুন স্বপ্নের। শুধু পাঠ্যপুস্তক নয়—খেলাধুলাকে বাধ্যতামূলক করব, সংস্কৃতিকেও বাধ্যতামূলক করব। পড়াশোনা, খেলাধুলা ও সংস্কৃতির সম্মিলিত চর্চাই সমাজে গুণগত পরিবর্তন আনবে।”
তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ধানের শীষকে বিজয়ী করলে নতুন সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাধীনতা নিশ্চিত করবে।
“যদি আমরা সরকার গঠন করতে পারি, তাহলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ স্বশাসন ও স্বাধীনভাবে পরিচালনার নিশ্চয়তা দেওয়া হবে,”—যোগ করেন তিনি।
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধ বাড়ানোর ওপর জোর দিয়ে আমিনুল হক বলেন,
“শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে অভিভাবকদের পারিবারিক সম্পর্ক তৈরি না হলে শিক্ষার পরিবেশ উন্নত হয় না।”
গত ১৭ বছরের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানে দলীয়করণ, রাজনৈতিক হস্তক্ষেপ ও দুর্নীতির কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





