রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে গণ-অভ্যুত্থানে শহীদদের গণকবর ফরেনসিক পরীক্ষার মাধ্যমে শনাক্তকরণ কার্যক্রম আগামী ৭ ডিসেম্বর থেকে শুরু হবে।
জাতীয় ও আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞদের সমন্বয়ে রায়েরবাজার এলাকায় একটি অস্থায়ী মর্গ ও ক্যাম্প স্থাপন করে এই কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানা গেছে।
আজ রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান জিয়ারত শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
তিনি জানান, গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ টেস্টসহ অত্যাধুনিক ফরেনসিক প্রযুক্তি ব্যবহার করা হবে। এই প্রক্রিয়া পারিবারিক স্বজনদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাবে বলে আশা প্রকাশ করেন তিনি।






