বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি গঠন স্থগিত: দায়িত্বে ইউএনও ও জেলা প্রশাসক

হাইকোর্টের আদেশে তিন মাসের জন্য স্থগিত প্রবিধানমালা; মেয়াদোত্তীর্ণ অ্যাডহক কমিটিতে সভাপতির দায়িত্বে থাকবেন প্রশাসনের প্রতিনিধিরা

Posted by:

on

স্টাফ রিপোর্টার, আজ ১৬ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।

রিট পিটিশন নম্বর ১৬৭৫৭/২০২৫–এর প্রেক্ষিতে হাইকোর্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া তিন মাসের জন্য স্থগিত করেছে। শনিবার (১৫ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) সাইয়েদ এ. জেড. মোরশেদ আলীর সই করা এক স্মারকে এ তথ্য জানানো হয়।

স্মারকে উল্লেখ করা হয়, ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ অন্যান্য বোর্ডের (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪ (সংশোধনীসহ)’ অনুযায়ী অ্যাডহক ও নিয়মিত কমিটি গঠন–সংক্রান্ত পরিপত্রটি হাইকোর্ট গত ৮ সেপ্টেম্বর স্থগিত করে।

এ পরিস্থিতিতে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে যেসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হয়েছে, সেসব প্রতিষ্ঠানে প্রবিধানমালার অনুচ্ছেদ ৬৯ অনুযায়ী সভাপতির দায়িত্ব পালন করবেন উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক বা তার মনোনীত প্রতিনিধি।