স্টাফ রিপোর্টার, ১৭ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রদত্ত মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়েছে গণঅধিকার পরিষদ। সোমবার সন্ধ্যা ৬টায় দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সভাপতি নুরুল হক নুর রায়ের প্রতি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেওয়া এই মৃত্যুদণ্ড একটি ন্যায়সংগত রায়।”
তিনি আরও বলেন, “এই রায়কে আমরা প্রাথমিক বিজয় হিসেবে দেখছি। তবে আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর না হওয়া পর্যন্ত চূড়ান্ত বিজয় আসবে না।”
নুরুল হক নুর দাবি করেন, শুধু শেখ হাসিনা বা আসাদুজ্জামান খান কামাল নয়, ভারতে পলাতক সকল আওয়ামী লীগ নেতাকর্মী এবং তাদের সহযোগীদের ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতি নিশ্চিত করতে আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ করা প্রয়োজন।
নুর বলেন, “আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী সবাইকে তারা আবারও ফাঁসিতে ঝুলাবে। তাই ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সহ সভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, এডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, হাবিবুর রহমান রিজু, বরিউল হাসান, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান, মহানগর দক্ষিণ গণঅধিকার পরিষদের সভাপতি এডভোকেট নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিলসহ অন্যান্য নেতাকর্মীরা।





