স্টাফ রিপোর্টার, ১৮ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন যে পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে ফিরিয়ে আনতে ঢাকা আনুষ্ঠানিকভাবে নয়াদিল্লির কাছে চিঠি পাঠাবে। তিনি বলেন, ‘আমরা আমাদের অবস্থান সরকারিভাবে ভারতকে জানাব। চিঠিটি আজ রাতেই বা কাল সকালে, যেভাবেই হোক, পাঠানো হবে।’
তিনি জানান যে ঢাকার ভারতীয় হাইকমিশন অথবা নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে চিঠিটি ভারত সরকারকে পাঠানো হবে।
আগের অনুরোধে কোনো সাড়া না পেলেও এবার পরিস্থিতি ভিন্ন বলে উল্লেখ করেন তিনি। উপদেষ্টার ভাষায়, ‘এখন পরিস্থিতি ভিন্ন … বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তারা দোষী সাব্যস্ত হয়েছেন।’
বাংলাদেশের অনুরোধটি ভারত-বাংলাদেশের বিদ্যমান দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির অধীনেই পাঠানো হবে জানিয়ে তৌহিদ হোসেন বলেন, ভারত দণ্ডিতদের ফেরত পাঠাতে আইনগতভাবে বাধ্য কি না—তা আইনগত ব্যাখ্যার বিষয়।
তিনি আরও বলেন, ‘আমার বোঝাপড়া হলো—আদালত রায়ে দণ্ড ঘোষণার পর তাকে ফিরিয়ে আনা প্রয়োজন, এবং আমরা ভারতকে সরকারিভাবে তা অবহিত করব।’
ভারত যদি শেখ হাসিনাকে ফেরত দিতে অস্বীকৃতি জানায়—এমন প্রশ্নে তিনি বলেন, ‘পরিস্থিতি দেখা দিলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।’
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, জুলাই হত্যাকাণ্ডে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ঘোষণার পর শেখ হাসিনা ও কামালকে দ্রুত প্রত্যর্পণের জন্য নয়াদিল্লির কাছে আহ্বান জানিয়েছে ঢাকা। প্রত্যর্পণকে ভারতের ‘চুক্তিবদ্ধ বাধ্যবাধকতা’ হিসেবেও উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির অধীনে দুই দণ্ডিতকে ভারতে আশ্রয় দেওয়া অমিত্রসুলভ আচরণ এবং ন্যায়বিচার অস্বীকারের শামিল।





