পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যা: শোকাহত পরিবারে আমিনুল হক, দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি

স্টাফ রিপোর্টার, ১৮ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।পল্লবীতে যুবদল নেতা ও পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে প্রকাশ্যে গুলি করে…

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ১৮ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
পল্লবীতে যুবদল নেতা ও পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে মঙ্গলবার দুপুরে তাঁর বাড়িতে যান বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং ঢাকা–১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। সঙ্গে ছিলেন উত্তর বিএনপির অন্যান্য নেতারাও।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমিনুল হক বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তিনি বলেন, “আমি দৃঢ়ভাবে আশা করি আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বাকি জড়িতদেরও গ্রেপ্তার করবে। ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। আমরা চাই এই নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার হোক। এমন ঘটনা আমরা আর দেখতে চাই না।”
ঘটনার নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, “গত ১৭ বছর আমরা নানা নির্যাতনের শিকার হয়েছি। বহু নেতাকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। এখন যখন দেশ গণতন্ত্রের পথে ফিরে আসার চেষ্টা করছে, তখনই একটি কুচক্রী মহল আবার সন্ত্রাস সৃষ্টি করে গণতান্ত্রিক পরিবেশকে বিঘ্নিত করতে চাইছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।”
আবেগঘন কণ্ঠে আমিনুল হক বলেন, “আমার ভাই কিবরিয়া আর ফিরে আসবে না। কিন্তু আমরা চাই—এ ধরনের হত্যাকাণ্ড আর যেন কোনো পরিবারকে কাঁদিয়ে না যায়।”
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর পল্লবী থানা এলাকার মিরপুর সেকশন–১২–এর সি ব্লকে গোলাম কিবরিয়াকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পালানোর সময় দ্রুত রিকশা না চালানোর কারণে রিকশাচালককেও গুলি করে হামলাকারীরা। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।