স্টাফ রিপোর্টার, ২০ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ঘোষণা হওয়ার পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের মুখোমুখি হন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, “আজকের রায়ের মাধ্যমে আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন—তত্ত্বাবধায়ক সরকার কোনো অসাংবিধানিক ব্যবস্থা নয়; এটি পুনর্বহাল হওয়া একটি বৈধ সাংবিধানিক কাঠামো।”
তিনি জানান, আপিল বিভাগ পূর্বের বিতর্কিত রায়কে সর্বসম্মতভাবে বাতিল করায় দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ আরও সুদৃঢ় হলো। রায়ের ভবিষ্যত-কার্যকারিতা প্রসঙ্গে তিনি বলেন,
“এটি বর্তমান সংসদের ওপর প্রযোজ্য হবে না। তবে সংসদ ভেঙে যাওয়ার পর থেকে ১৫ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠন—এই সাংবিধানিক বিধান পুনরায় কার্যকর হবে।”
মোহাম্মদ আসাদুজ্জামান বলেন,
“এখন জনগণ নিশ্চিত হতে পারবে যে নিজের ভোট তারা নিজেরাই দেবে। মৃত মানুষ ভোট দেবে না, রাতের ভোটে দিনের গণনা হবে না—এটাই এই ব্যবস্থার মূল শক্তি।”
তিনি আরও উল্লেখ করেন, পূর্বের রায়ের কয়েকটি অংশকে আদালত “কলঙ্কিত ব্যাখ্যা” এবং ত্রুটিপূর্ণ হিসেবে অভিহিত করায়, সেই রায় বাতিল হওয়া সংবিধানকে আরও সুরক্ষিত অবস্থানে ফিরিয়ে দিয়েছে।
অ্যাটর্নি জেনারেল বলেন, এই রায় দ্বিতীয়বার রিভিউয়ের সুযোগ নেই, তাই এটি এখন “past and closed chapter”। তিনি আশা প্রকাশ করেন, এ রায়ের ফলে দেশের নির্বাচনী ব্যবস্থা আরও বিশ্বাসযোগ্য হবে এবং গণতন্ত্রের অগ্রযাত্রা সুদৃঢ় হবে।





