ধর্মকে রাজনীতির অস্ত্র বানানো বিশ্বাসঘাতকতা: আমিনুল হক

সুবর্ণ ভবিষ্যতের প্রতিশ্রুতি, ধর্মভিত্তিক বিভ্রান্তি থেকে দূরে থাকার আহ্বান

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ২০ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং ঢাকা–১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে জনগণকে বিভ্রান্ত করা দেশের কোনো ধর্মপ্রাণ মানুষের প্রতিনিধিত্ব করে না।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রূপনগরে ঢাকা–১৬ ও ঢাকা–১৪ আসনের মনোনীত প্রার্থীদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মসজিদে গিয়ে ধর্মের নামে রাজনীতি করা, মিথ্যাচার ছড়ানো ও প্রোপাগান্ডা চালানো দেশের জন্য কল্যাণকর নয়। এরা গুপ্ত সংগঠনের মতো কার্যক্রম চালায়, যাদের কোনো সক্ষমতা নেই।
১৯৭১ সালের উদাহরণ টেনে তিনি বলেন, “রাজাকাররা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, মা–বোনের সম্মানহানি করেছে। সেই ধারার অনুসারীরা আজও সক্রিয়। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।”
তিনি অভিযোগ করেন, কিছু মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে। “যারা পিআর ও গণভোট নিয়ে কান্নাকাটি করছে, যারা ঘরে ঘরে গিয়ে ‘জান্নাতের টিকিট’ বিক্রি করছে—তাদের থেকে সাবধান হতে হবে। ধর্মকে বেচাকেনা করলে ঈমান নষ্ট হওয়ার ঝুঁকি থাকে।”
আগামী জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, ধানের শীষ বিজয়ী হলে শিক্ষা, স্বাস্থ্য, বিচার বিভাগ, আইনের শাসনসহ মৌলিক অধিকার নিশ্চিত করে মানবিক, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়া হবে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি মানুষের কল্যাণে কাজ করছে এবং ভবিষ্যতেও করবে বলেও তিনি উল্লেখ করেন।
সভায় আরও বক্তব্য দেন ঢাকা–১৪ আসনের বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুন্সি বজলুল বাসিত আঞ্জু, জুলাই গণঅভ্যুত্থানে নিহত মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, শামীম পারভেজ সহ মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা।