পঞ্চগড়, ২৩ নভেম্বর ২০২৫: হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড়ে শীতের আমেজ দিন দিন বাড়ছে। মৌসুমি শীতের প্রভাব ইতোমধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে। কমছে তাপমাত্রা, বেড়েছে কুয়াশার দাপট।
আজ রোববার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ।
এর আগের দিন শনিবার একই সময়ে এখানে তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস—একদিনের ব্যবধানে যা ২ দশমিক ১ ডিগ্রি কম।
আবহাওয়া অফিস জানায়, গত এক সপ্তাহ ধরে পঞ্চগড়ে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে উঠানামা করছে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।
এদিকে ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় জেলার বিস্তীর্ণ অঞ্চল ঢেকে যাচ্ছে। মাঠ-ঘাট, গ্রামীণ জনপদ ও শহরের রাস্তাঘাট কুয়াশার সাদা চাদরে আচ্ছন্ন হয়ে পড়ছে। দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহনকে বাধ্যতামূলকভাবে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। সন্ধ্যার পর হিমেল বাতাসে দুর্ভোগ বেড়েছে পথচারীদের।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, “আজ সকাল ৯টায় ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে। ডিসেম্বরের শুরুতেই উত্তরাঞ্চলে শীত পুরোপুরি জেঁকে বসবে।”





