স্টাফ রিপোর্টার, তারিখ: ২৩ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
আগামী জাতীয় নির্বাচনে ইনসাফভিত্তিক ও ন্যায়নিষ্ঠ বাংলাদেশ গড়তে আলেম সমাজের দোয়া ও সমর্থন চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকায় অনুষ্ঠিত সম্মিলিত ইমাম–খতিব পরিষদের জাতীয় সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।
বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই বৃহৎ সম্মেলনে দেশের বিভিন্ন মসজিদের ইমাম–খতিবরা অংশ নেন। অনুষ্ঠানে তাদের সাত দফা দাবি, যার মধ্যে স্বাধীনভাবে দ্বীনি দায়িত্ব পালন, মর্যাদা প্রতিষ্ঠা ও স্থায়ী সম্মানী ভাতার বিষয়টি গুরুত্বসহ তুলে ধরা হয়।
ইমাম–মুয়াজ্জিনদের জন্য স্থায়ী সম্মানী ভাতা ও সার্ভিস রুলের আশ্বাস
বক্তব্যে তারেক রহমান বলেন,
“বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে ইমাম–খতিবদের সার্ভিস রুল প্রণয়ন এবং পর্যায়ক্রমে স্থায়ী সম্মানী ভাতার ব্যবস্থা করা হবে—ইনশাআল্লাহ।”
তিনি আরও জানান, ইমাম–মুয়াজ্জিনদের আর্থিক স্বাধীনতা ও পেশাগত স্থিতিশীলতা নিশ্চিতে নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।
ধর্মীয় অপব্যাখা রোধে আলেম সমাজকে সতর্ক থাকার আহ্বান
তারেক রহমান সতর্ক করে বলেন,
“হীন ও রাজনৈতিক স্বার্থে ধর্মীয় অপব্যাখ্যা সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে পারে। এ বিষয়ে আলেম সমাজের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি।”
তিনি আরও যোগ করেন যে ইসলামী বিধান নিয়ে ভিন্নমত বা মতবিরোধ যেন ফিতনা সৃষ্টি না করে তা নিশ্চিত করতে ওলামা-মাশায়েখ, ইমাম-খতিবগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
ইমাম-মাদরাসা শিক্ষার্থীদের বাইরে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়
বক্তব্যে তিনি জোর দিয়ে বলেন—
“মসজিদ, মাদরাসা, ইমাম, মুয়াজ্জিন ও মাদরাসা শিক্ষার্থীদের রাষ্ট্রীয় অগ্রগতিমূলক কার্যক্রমের বাইরে রেখে দেশে টেকসই উন্নয়ন সম্ভব নয়।”
বি এন পি নেতার অভিযোগ, অতীত সরকার ইসলামের বিভিন্ন ঐতিহ্য ও বিশ্বাসকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করেছে। তিনি জানান, ইসলামের স্বার্থবিরোধী তৎপরতার বিরুদ্ধে বিএনপি বরাবরই সোচ্চার ছিল এবং থাকবে।
রাষ্ট্র পরিচালনায় ন্যায়পরায়ণতা বি এন পি -এর মূলমন্ত্র
তারেক রহমান বলেন,
“রাষ্ট্র ও সরকার পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে ন্যায়পরায়ণতা। মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শে উজ্জীবিত একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে চাই আমরা।”
তিনি আলেম–ওলামা, ইমাম–খতিব, মুয়াজ্জিন ও পীর–মাশায়েখদের আগামী নির্বাচনে সমর্থন ও দোয়া কামনা করেন।




