স্টাফ রিপোর্টার, ২৪ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনের জন্য কমনওয়েলথের পূর্ণ সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ের সঙ্গে এক বৈঠকে তিনি এ অনুরোধ জানান।
প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের গণতান্ত্রিক উত্তরণ ও আসন্ন সাধারণ নির্বাচনের জন্য আপনাদের সমর্থন প্রয়োজন।” বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ার প্রতি গভীর আগ্রহ প্রকাশ করায় মহাসচিবকে ধন্যবাদ জানান তিনি। এ সময় তিনি একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
জবাবে, মহাসচিব বাংলাদেশের নির্বাচন এবং নির্বাচন-পরবর্তী উত্তরণের ক্ষেত্রে কমনওয়েলথের পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। তিনি বলেন, “কমনওয়েলথের ৫৬টি দেশের মধ্যে জি-সেভেন ও জি-টুয়েন্টির সদস্য রাষ্ট্রও রয়েছে, যাদের বিপুল সম্পদ বাংলাদেশ কাজে লাগাতে পারে।”
তিনি আরও জানান, তিনি প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনারসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করেছেন। বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে তিনি গভীর আশাবাদ ব্যক্ত করেন এবং জানান যে নির্বাচনের আগেই বেশ কয়েকটি পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি চলছে।
বৈঠকে দুই নেতা যুবক্ষমতায়ন, উদ্যোক্তা তৈরি, সামাজিক ব্যবসা সম্প্রসারণ এবং দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ হ্রাসের লক্ষ্যে কমনওয়েলথের ‘থ্রি-জিরো’ ভিশন এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন।





