স্টাফ রিপোর্টার, ২৮ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে বড় অবদান রাখা নেত্রী হিসেবে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারাজীবন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, কারাবরণ করেছেন এবং নানা নির্যাতন সহ্য করেছেন। তিনি জানান, গত দুদিন ধরে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাতে চিকিৎসকেরা জানিয়েছেন যে তার অবস্থা অত্যন্ত সংকটময়।
এ কারণে দলীয়ভাবে সারাদেশের জনগণের প্রতি বাদ জুমায় দোয়া করার আহ্বান জানানো হয়। দেশের প্রতিটি মসজিদে তার রোগমুক্তির জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি। নয়া পল্টনের মসজিদে নামাজ ও মোনাজাত শেষে তিনি বলেন, “আমরা পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করেছি যেন তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ সুস্থ করে দেন, সুস্থ অবস্থায় জনগণের মাঝে ফিরিয়ে আনেন এবং জনগণের সেবায় কাজ করার সুযোগ করে দেন।”
তিনি আবারও দেশবাসীর প্রতি খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া চালিয়ে যাওয়ার আহ্বান জানান।





