ফ্যাসিবাদী শাসনে গণমাধ্যম ধ্বংস করা হয়েছে: জাতীয় প্রেসক্লাবে অভিযোগ মির্জা ফখরুলের

মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধে ফেরার আহ্বান—সামাজিক মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে সতর্কতা।

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ২৮ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
জাতীয় প্রেসক্লাবে এক সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গত ১৫ বছরে ফ্যাসিবাদ অর্থাৎ শেখ হাসিনার শাসনে অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের গণমাধ্যমকে ধ্বংস করা হয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনারা এই দায় থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, গণমাধ্যমকে সত্য ও স্বাধীনতার জায়গায় ফিরিয়ে আনুন।”
তিনি বিএফইউজের নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি। আজ যারা এখানে নেতৃত্ব দিচ্ছেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাই।”
তিনি বলেন, “এমন একটি সময় এসেছে, যেটির জন্য গোটা জাতি অপেক্ষা করছে—আগামী ফেব্রুয়ারির নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়েই আমরা একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে চাই। তবে গণতন্ত্রে ফিরতে হলে মতপ্রকাশের স্বাধীনতাকে মূল্য দিতে হবে।”
কবি আসিফ ইকবালের সঙ্গে আলাপ প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ঐক্য থাকবে, ভিন্নতা থাকবেই—গণতন্ত্রের মূল কথা হলো আমি আপনার সঙ্গে একমত নাও হতে পারি, কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতাকে আমি অবশ্যই রক্ষা করব।”
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “আমাদের দেশে ভিন্ন মত পোষণ করলেই তাকে শত্রু মনে করা হয়। তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হয়। এসব থেকে আমাদের সরে আসা উচিত।”
সামাজিক যোগাযোগমাধ্যমের নৈরাজ্য প্রসঙ্গে তিনি বলেন, “দায়বদ্ধতা না থাকায় সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। এতে গণতন্ত্র শক্তিশালী হয় না; বরং নৈরাজ্য সৃষ্টি হয়।”
তিনি বলেন, “আমরা আমাদের ৩১ দফায় স্পষ্ট করেছি—গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে। এটি শুধু কথার কথা নয়; আমরা এ ব্যাপারে পরীক্ষিত।”