স্টাফ রিপোর্টার, ২৮ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা–১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক অভিযোগ করেছেন, কয়েকটি রাজনৈতিক দল এবং একটি ইসলামি দল দেশি–বিদেশি মদদে আগামী জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করছে। শুক্রবার বিকেলে পল্লবী ২ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
সমাবেশে আমিনুল হক বলেন, “দেশজুড়ে নির্বাচনী উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু কিছু মহল ষড়যন্ত্রের মাধ্যমে এই কাঙ্ক্ষিত নির্বাচন ব্যাহত করতে চাইছে।”

জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, “১৯৭১ সালে যারা রাজাকারের ভূমিকা পালন করেছে, তারা এখন দেশ চালানোর কথা বলছে।” তিনি দাবি করেন, স্বাধীনতা যুদ্ধের সময় জামায়াত পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছে, মা–বোনদের ওপর নির্যাতন চালিয়েছে এবং বুদ্ধিজীবী হত্যায় জড়িত ছিল।
ঢাকা–১৭ আসনের একটি সমাবেশে জাতীয় পতাকা অবমাননার ঘটনার উল্লেখ করে তিনি বলেন, “যারা পতাকার মর্যাদা বোঝে না, তারা দেশের কল্যাণও করতে পারবে না।” তিনি ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারকারীদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানান।
এদিন ধানের শীষের পক্ষে অনুষ্ঠিত গণমিছিল পল্লবীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অংশ নেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আমিনুল হক বলেন, সাধারণ মানুষের দ্বারে গিয়ে ধানের শীষে ভোট চাইবেন। নির্বাচিত হলে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ চালুর প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, পরিবারগুলো মাসিক নিত্যপ্রয়োজনীয় সহায়তা পাবে এবং কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত হবে।




