স্টাফ রিপোর্টার, ২৯ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে। এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিএনপির নেতা খায়রুল কবির খোকন জানান যে তিনি হাসপাতালের চতুর্থ তলায় গিয়ে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা দেখে এসেছেন।
তিনি বলেন, কিছুক্ষণ আগে তাকে অপারেশন থিয়েটারে (ওটি) নেওয়া হয়েছে। সেখানে আরও নিবিড় পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষা করা হচ্ছে। খোকনের ভাষায়, “তার অবস্থা এখনো উন্নতি হয়নি, আবার অবনতিও হয়নি। ডাক্তাররা বলেছেন—স্টেবলও না, ইমপ্রুভও না, ডিক্রিজও না—অপরিবর্তিত।”
তিনি জানান, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা এবং মেডিকেল বোর্ড খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। দেশের বিভিন্ন স্থানে গতকাল থেকে আজ পর্যন্ত তাঁর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও মিলাদ অনুষ্ঠিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
খোকন বলেন, “আমরা মহান আল্লাহর কাছে দোয়া করছি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। সারাদেশের মানুষ তার সুস্থতার জন্য দোয়া করছে।”
তিনি আরও জানান, খালেদা জিয়ার ছেলে তারেক রহমান তাঁর মায়ের অসুস্থতার বিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন, এবং যেকোনো সময় দেশে ফিরে আসতে পারেন মায়ের পাশে থাকার জন্য।
খোকন বলেন, “চিকিৎসকরা চেষ্টা করছেন, মেডিকেল বোর্ড বসছে, আরও পরীক্ষা হচ্ছে। এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, তবে ডাক্তাররা আশাবাদী।”





