এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া ‘সংকটাপন্ন’ অবস্থায়

দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে চলছে চিকিৎসা—মির্জা ফখরুল

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ২৯ নভেম্বর ২০২৫ নিউজ চ্যানেল বিডি।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ‘সংকটাপন্ন’ অবস্থাতেই চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মির্জা ফখরুল বলেন, “আপনারা সবাই জানেন, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেশ কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তার শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন।”
তিনি জানান, দেশের বিশিষ্ট চিকিৎসকদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতাল ও লন্ডনের লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকরাও দূরবর্তী পরামর্শের মাধ্যমে তার চিকিৎসায় সম্পৃক্ত আছেন।
২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় খালেদা জিয়ার বুকে ‘সংক্রমণ’ ধরা পড়ে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা চালানো হচ্ছে। মেডিকেল বোর্ডের নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার।
গত দুই দিন ধরে তার অবস্থা সংকটাপন্ন থাকায় বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়ে শুক্রবার সারাদেশে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা নেই
বিএনপি মহাসচিব বলেন, শুক্রবার রাতে মেডিকেল বোর্ড প্রায় দু’ঘণ্টা ধরে বৈঠক করে। সেখানে চিকিৎসকরা জানান, বিদেশে নেওয়ার প্রয়োজন হতে পারে, তবে বর্তমান অবস্থায় তার বিদেশ যাত্রার মতো শারীরিক সক্ষমতা নেই। তিনি বলেন, “আল্লাহর অশেষ রহমতে যদি তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হয়, তখন তাকে বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।”
বিদেশে নেওয়ার প্রস্তুতি এগিয়ে রাখা হয়েছে
ফখরুল আরও বলেন, “যে কোনো সময় প্রয়োজন পড়লে যেন দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়—সেজন্য ভিসা, সংশ্লিষ্ট দেশের সঙ্গে যোগাযোগ, এয়ার অ্যাম্বুলেন্স–সব বিষয়েই কাজ এগিয়ে রাখা হয়েছে। তিনি ‘রেডি টু ফ্লাই’ হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।”
হাসপাতালে ভিড় না করার আহ্বান
মির্জা ফখরুল দেশবাসীর উদ্দেশে বলেন, “ম্যাডামের অসুস্থতা নিয়ে সবাই উদ্বিগ্ন। কিন্তু হাসপাতালে ভিড় করায় চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন ঘটছে। এতে হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক এবং অন্যান্য রোগীরাও সমস্যায় পড়ছেন। তাই নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করছি—দয়া করে হাসপাতালে ভিড় করবেন না। সময় মতো তার হেলথ বুলেটিন জানানো হবে।”
বিজয়ের মাসে ‘মশাল রোড শো’ কর্মসূচি
সংবাদ সম্মেলনের শেষে বিজয়ের মাস উপলক্ষে বিএনপির ঘোষিত ‘মশাল রোড শো’ কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, মুক্তিযুদ্ধ প্রজন্মের সাধারণ সম্পাদক একে এম কামরুজ্জামান নান্নু এবং উদযাপন কমিটির সদস্য জুবায়ের বাবু।