স্টাফ রিপোর্টার, ২ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নিয়মিত বৈঠকে রাজনৈতিক বিভিন্ন ইস্যু, নির্বাচনভিত্তিক প্রস্তুতি ও প্রচারের কৌশল নিয়ে বিস্তর আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ।
তিনি বলেন,
“এটা আমাদের রেগুলার মিটিং। রাজনৈতিক বিষয়, নির্বাচনী প্রস্তুতি, প্রচারের কৌশল—সব কিছুই আমরা আলোচনা করেছি।”
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে তিনি জানান,
“বিশেষ কোনো আলোচনা হয়নি। তবে ইনশাআল্লাহ তিনি শীঘ্রই ফিরে আসবেন।”
খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তিনি আরও বলেন,
“ম্যাডামের শারীরিক অবস্থার সব তথ্য ডা. জাহিদ সাহেবই জানাবেন।”
গুলশানে অনুষ্ঠিত বৈঠকটি শুরু হয় রাত ৮টা ৩০ মিনিটে এবং শেষ হয় রাত ১১টার দিকে।
এদিকে, গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার নিরাপত্তা বাড়াতে তাকে হাসপাতালে ভিভিআইপি ঘোষণা করা হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে হাসপাতালে কাঁটাতারের বেড়া ও অতিরিক্ত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে— বলা চলে পুরো হাসপাতালকে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে।
সালাউদ্দিন আহমেদের গণমাধ্যমে দেওয়া বক্তব্য থেকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ধারণা পাওয়া যাচ্ছে যে, তারেক রহমানের দেশে ফেরার নিরাপত্তা নিয়ে দলীয় মহলে স্পষ্টতা আসছে। তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সাম্প্রতিক স্ট্যাটাসকে কেন্দ্র করে যে সমালোচনা ও আলোচনা সৃষ্টি হয়েছিল, তা এখন থেমে আসার ইঙ্গিত মিলছে।
গুরুতর অসুস্থ খালেদা জিয়া এবং তারেক রহমানের সম্ভাব্য দেশে ফেরা—উভয় বিষয়ে সরকারের সহযোগিতামূলক মনোভাব ও সদিচ্ছার প্রতিফলন রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। পর্যবেক্ষকদের মত, তারেক রহমান হয়তো খুব শীঘ্রই বিশেষ প্রয়োজনেই দেশে ফিরছেন।





