ঢাকা, ২ ডিসেম্বর ২০২৫: সোমবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। হঠাৎ কম্পনে কিছু এলাকায় আতঙ্ক দেখা দিলেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৯। উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মিনগিন এলাকা, যা আগারগাঁওয়ে বিএমডির ভূকম্পন কেন্দ্র থেকে প্রায় ৪৩১ কিলোমিটার দক্ষিণ–পূর্বে অবস্থিত।
ভূমিকম্পটি মূলত চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালীসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বেশি অনুভূত হয়েছে। ময়মনসিংহ এবং ঢাকার কিছু অংশেও হালকা কম্পন টের পাওয়ার তথ্য এসেছে।
বিএমডি বলছে, মিয়ানমারের এ অঞ্চলটি টেকটোনিক প্লেট বাউন্ডারির নিকটে হওয়ায় এখানে মাঝে মধ্যেই মাঝারি ও মৃদু মাত্রার ভূমিকম্প ঘটে থাকে।
এ ঘটনায় এ পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।





