খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি নয়, উদ্বিগ্ন সারাদেশের মানুষ: রিজভী

শ্যামলীতে কুরআন খতম ও সাদাকায়ে জারিয়া অনুষ্ঠানে রিজভীর বক্তব্য; দেশনেত্রীর সুস্থতার জন্য অব্যাহত দোয়া

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ২ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি বা দলীয় সংগঠন নয়, সারাদেশের সাধারণ মানুষ গভীর উদ্বেগ ও সমবেদনায় আক্রান্ত।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর শ্যামলীতে নিজ বাসভবনে আয়োজিত কুরআন খতম ও সাদাকায়ে জারিয়া হিসেবে ছাগল জবাই অনুষ্ঠানে তত্ত্বাবধানকালে তিনি এ কথা জানান।
রিজভী বলেন,
“আমরা শুধুমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহর কাছেই দোয়া করব। তিনি এ দেশের মানুষের আস্থার প্রতীক। বহু সংকট, ক্রান্তিলগ্নে তিনি দেশ ও জনগণকে নেতৃত্ব দিয়েছেন, কখনো দেশ ছাড়েননি। বহু ষড়যন্ত্র তাঁকে দেশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তবুও মানুষের পাশে থেকেছেন।”
তিনি আরও বলেন,
“আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি কিংবা তার অঙ্গ ও সহযোগী সংগঠন—যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল নয়; দলের বাইরেও সাধারণ মানুষ গভীর উদ্বেগে রয়েছে। তাঁর গুরুতর অসুস্থতায় মানুষের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।”
বিএনপির মুখপাত্র জানান,
“এখানে আমাদের ইমাম একজন গুণী ব্যক্তি। তাঁর মাধ্যমে এতিম শিশু ও মাদরাসার শিক্ষার্থীরা সকাল থেকে কুরআন তিলাওয়াত করেছে। আমরা বিশ্বাস করি, তাদের দোয়া, পবিত্র কুরআন তিলাওয়াত ও এই সাদাকায়ে জারিয়া আল্লাহ তায়ালা কবুল করবেন।”
অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন আহমেদের তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চারটি ছাগল জবাই করে গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সদস্য জেড আই মর্তুজা চৌধুরী তুলা, মাহবুবুল ইসলাম মাহবুব, আব্দুর রাজ্জাক, যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দল সহ-সভাপতি ডা. জাহিদুল কবীর, যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, সহ স্বাস্থ্য সম্পাদক ডা. জাহাঙ্গীর হোসেন, কেন্দ্রীয় ছাত্রদল সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, যুগ্ম সম্পাদক ও ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাওসার, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, রাজু আহমেদ, যুবদল নেতা জাকির হোসেন, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুর রহমান তুষারসহ অন্যান্য নেতৃবৃন্দ।