স্টাফ রিপোর্টার, ২ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে যেমন উদগ্রীব দেশ, তেমনি সারাদেশে তোলপাড় চলছে—কবে দেশে ফিরছেন দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নানা আলোচনা-গুঞ্জনের মধ্যেই তার দেশে ফেরা নিয়ে নতুন তথ্য দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে তিনি জানান, বেগম জিয়ার বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তারেক রহমান। সেই পরিস্থিতি বিবেচনাই ঠিক করবে তিনি কবে দেশে ফিরবেন।
মির্জা ফখরুল আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলেও খুব শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান।
এর আগে দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তিনি ট্রাভেল পাসও চাননি; চাইলে তা সঙ্গে সঙ্গে ইস্যু করা হবে। তাকে দেশে ফিরতে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলেও তিনি উল্লেখ করেন।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়া যদি দেশের বাইরে চিকিৎসা নিতে চান, সরকার সর্বোচ্চ সহযোগিতা দেবে; তবে সিদ্ধান্ত নেবে পরিবার ও দল।
এর আগে সোমবার (১ ডিসেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে সালাহউদ্দিন আহমেদও সাংবাদিকদের জানান—খুব শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান।





