স্টাফ রিপোর্টার, ৩ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
জাতিসংঘ সাধারণ পরিষদে (UNGA) বিপুল সমর্থনে ফিলিস্তিনে ইসরায়েলের দীর্ঘদিনের দখলদারিত্ব অবসানের আহ্বান জানিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়েছে। “Peaceful Settlement of the Question of Palestine” শীর্ষক এই প্রস্তাবে ১৯৬৭ সালের পর দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড—গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম—থেকে ইসরায়েলের সামরিক বাহিনী অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানানো হয়।
মোট ১৫১টি দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দেয়, ১১টি দেশ বিপক্ষে অবস্থান নেয় এবং ১১টি দেশ ভোটদানে বিরত থাকে। প্রস্তাবটি উত্থাপন করে জিবুতি, জর্ডান, কাতার, মৌরিতানিয়া, সেনেগাল ও ফিলিস্তিন।
প্রস্তাবে উল্লেখ করা হয়, ইসরায়েলের দখলদারি ও বসতি সম্প্রসারণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। একই সঙ্গে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্রপ্রাপ্তির অধিকার ও দুই-রাষ্ট্রীয় সমাধানের প্রতি আন্তর্জাতিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
জাতিসংঘের এই সিদ্ধান্ত বাধ্যতামূলক না হলেও বিশ্বব্যাপী রাজনৈতিক বার্তা হিসেবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক মহল মনে করছে, এই সিদ্ধান্ত ফিলিস্তিনি নাগরিকদের মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ও মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির পথে নতুন চাপ সৃষ্টি করবে।
প্রস্তাবের মাধ্যমে গাজায় মানবিক সহায়তা বৃদ্ধি ও যুদ্ধবিরতি কার্যকর করার বিষয়েও জোর দেওয়া হয়। জাতিসংঘ জানায়, গাজায় চলমান মানবিক সংকট দ্রুততম সময়ে কমানো না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
বিশ্লেষকরা বলছেন, এত বিপুল সমর্থনে প্রস্তাব গৃহীত হওয়া ইঙ্গিত করে যে আন্তর্জাতিক সম্প্রদায় এখন আগের যেকোনো সময়ের তুলনায় ফিলিস্তিন প্রশ্নে সুসংহত অবস্থান নিয়েছে।





