স্টাফ রিপোর্টার, ৩ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
বুধবার রাতে চার সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল হাসপাতালে পৌঁছেছেন বলে জানিয়েছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক আল মামুন।
এর আগে সকালেই বেগম জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দলের প্রধান ডা. রিচার্ড বিলি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও তার উন্নত ও সার্বিক চিকিৎসা নিশ্চিত করতে এবং চলমান চিকিৎসা ব্যবস্থাপনার আরও গভীর মূল্যায়নের জন্য মেডিকেল বোর্ড অতিরিক্ত বিশেষজ্ঞ মতামতের প্রয়োজনীয়তা অনুভব করে। এ কারণেই যুক্তরাজ্য ও চীন থেকে দুইটি বিশেষজ্ঞ চিকিৎসক দলকে আমন্ত্রণ জানানো হয়।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে বেগম জিয়ার চিকিৎসায় নতুন দিকনির্দেশনা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
এদিকে সন্ধ্যায় হাসপাতালে গিয়ে বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তাকে রিসিভ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ. জে. এম. জাহিদ হোসেন, অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, খালেদা জিয়ার ছোট ভাই শামীম এসকান্দার এবং ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান।
গত মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এভারকেয়ার হাসপাতালে গিয়ে বেগম জিয়ার স্বাস্থ্যের খবর নেন। একইদিন রাতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেন।





