বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন

দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্তে কাতার রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে স্থানান্তর; পরিবারের পক্ষ থেকে দেশের মানুষের দোয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ৪ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাতে দলের পক্ষ থেকে ব্রিফিংয়ে জানানো হয়েছে যে, চিকিৎসার জন্য গঠিত বিস্তৃত মেডিকেল বোর্ডের নেতৃত্বে রয়েছেন প্রফেসর ডা. শাহাবুদ্দিন তালুকদার। দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই বোর্ড সার্বক্ষণিকভাবে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেও সার্বক্ষণিকভাবে চিকিৎসা প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন বলে জানান দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা। তারা বলেন, চিকিৎসার প্রতিটি পর্যায়ে দলের সিনিয়র নেতারা সক্রিয়ভাবে সহযোগিতা করে যাচ্ছেন।
বিএনপি নেতৃবৃন্দ জানান, দেশবাসীর ভালোবাসা ও দোয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পরিবারের পক্ষ থেকেও আন্তরিক ধন্যবাদ জানানো হয়। এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক-নার্সসহ সারা দেশ ও বিদেশে যারা বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
গতকাল ও গতরাতে অনুষ্ঠিত মেডিকেল বোর্ডের বৈঠকে উপস্থিত ছিলেন দেশের শীর্ষ বিশেষজ্ঞ চিকিৎসক—প্রফেসর ডা. নুরুদ্দিন আহমেদ, প্রফেসর ডা. এফএম সিদ্দিকী, প্রফেসর ডা. কিউএম শামসুল আরেফিন, প্রফেসর ডা. জিয়াউল হক, প্রফেসর ডা. জাফর ইকবাল, ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ, প্রফেসর ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম।
এছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও চীন থেকে যুক্ত ছিলেন — প্রফেসর ডা. রিচার্ড, প্রফেসর ডা. শাকিল ফরিদ, প্রফেসর ডা. স্টোন, প্রফেসর ডা. ফার ক্রস, প্রফেসর ডা. হাইবুর রহমান, প্রফেসর ডা. রফিকউদ্দিন আহমেদ, প্রফেসর ডা. জন হ্যাবিল্টন, প্রফেসর ডা. হামিদ, প্রফেসর ক্রিস্ট জর্জিসসহ বেইজিং ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট এবং রিপাবলিক অফ চায়নার ইউনিভার্সিটি হসপিটালের বিশেষজ্ঞরা।
মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় তাকে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার সিদ্ধান্ত হয়। সব কিছু ঠিক থাকলে আজ মধ্যরাতের পর অথবা আগামীকাল সকালেই কাতার রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে যুক্তরাজ্যের লন্ডনে পূর্বনির্ধারিত বিশেষায়িত হাসপাতালে নেওয়া হবে।
তার সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল এবং বিদেশি দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন। যাত্রাপথে যেন কোনো ঝুঁকি না থাকে, সেজন্য এরোনটিক্যাল ফিজিশিয়ানরাও মেডিকেল বোর্ডের অংশ হিসেবে বিমানে থাকবে।
বিএনপি নেতৃবৃন্দ দেশবাসীর প্রতি আবারও দোয়ার আহ্বান জানিয়ে বলেন, “আপনাদের দোয়া আমরা কৃতজ্ঞতা সহকারে গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে দেশনেত্রী সুস্থ হয়ে দেশবাসীর মাঝে ফিরে আসবেন।”
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবায়দা রহমান, সন্তান জায়েমা রহমান, ছোট ছেলের স্ত্রী সৈয়দা শামিলা রহমান ও তাদের সন্তানরা, পরিবারের অন্যান্য সদস্যরা এবং বিএনপি সর্বস্তরের নেতাকর্মীরা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
এই তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডা. জেডিএম এ জাহিদ।