স্টাফ রিপোর্টার, ৪ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
আগামী জাতীয় নির্বাচনকে দেশের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক দায়িত্ব হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে শুধু প্রতিনিধিই নয়, নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের একটি নতুন ভিত্তি তৈরি হবে।
আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত ৬৪ জেলার পুলিশ সুপারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। আগামী নির্বাচনকে সুন্দর, গ্রহণযোগ্য ও দৃষ্টান্তমূলক করতে পুলিশ সুপারদের আন্তরিকতা ও পেশাদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, “এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন, তাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই নির্বাচনের সুযোগ পেয়েছি। এই নির্বাচনই আমাদের সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পথ খুলে দেবে।”
তিনি জানান, সাধারণ নির্বাচনের পাশাপাশি একইসাথে গণভোটও অনুষ্ঠিত হবে, যা ভবিষ্যৎ বাংলাদেশের ভিত্তি গঠনে শতবর্ষের প্রভাব ফেলবে। গণভোটের মাধ্যমে যে নতুন ভিত্তি স্থাপন হবে, তা একটি আধুনিক, গণতান্ত্রিক এবং সুশাসনভিত্তিক বাংলাদেশ নির্মাণে সহায়ক হবে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, আগামী নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক ও বিভিন্ন দেশের প্রতিনিধিদল অংশ নেবেন। তারা যেন বাংলাদেশের এই নির্বাচনকে বিশ্বের সামনে একটি অনুকরণীয় উদাহরণ হিসেবে তুলে ধরতে পারেন—সে লক্ষ্যে পুলিশকে দায়িত্ব পালন করতে হবে।

তিনি মনে করিয়ে দেন, অতীতে দেশের অনেক নির্বাচনকে জনগণ প্রহসন, প্রতারণা কিংবা তামাশা হিসেবে দেখেছেন। তাই এবার নতুন মানদণ্ড তৈরি করে সত্যিকার অর্থে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়াই হবে পুলিশের অন্যতম বড় দায়িত্ব।
দায়িত্ব পালনে সৃজনশীল ও সক্রিয় হওয়ার ওপর জোর দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “সব কথা তো কাগজে লিখে দেওয়া যায় না। দায়িত্ব পালনের সময় চিন্তা করবেন—কীভাবে কাজটি আরও সুন্দর ও কার্যকর করা যায়।”
তিনি জেলা ও বিভাগীয় পর্যায়ে পুলিশ সদস্যদের মধ্যে কর্মদক্ষতা বৃদ্ধির প্রতিযোগিতা চালুর প্রস্তাব করেন এবং বলেন, এর মাধ্যমে কাজের মান বাড়বে এবং দায়িত্ব পালনে আনন্দও পাওয়া যাবে। প্রয়োজনে পুরস্কারের ব্যবস্থাও করা যেতে পারে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বকস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম।





