স্টাফ রিপোর্টার, ৬ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা শারীরিকভাবে বিমান ভ্রমণে সক্ষম না হওয়ার কারণে বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।
শনিবার বিকেলে হাসপাতালের বাইরে এক ব্রিফিংয়ে বোর্ডের সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি কারণে আসতে না পারলেও মূল কারণ ছিল রোগীর শারীরিক ঝুঁকি। ওই মুহূর্তে বোর্ড সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছিল যে খালেদা জিয়ার জন্য ফ্লাই করা নিরাপদ হবে না।
তিনি বলেন, “এখন এয়ার অ্যাম্বুলেন্স সবসময় প্রস্তুত আছে। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেফটি, সিকিউরিটি এবং চিকিৎসাগত দিক সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞরা তার শারীরিক অবস্থাকেই প্রাধান্য দিচ্ছেন।”
অধ্যাপক জাহিদ আরও জানান, দেশের সব শ্রেণির মানুষ খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসকদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। গত ছয় বছর ধরে প্রতিকূল পরিস্থিতিতে এই বোর্ড পেশাদারিত্বের সঙ্গে চিকিৎসা দিয়ে আসছে।
যখনই সক্ষম হবেন, তখনই ফ্লাই করবেন
মেডিকেল বোর্ডের সদস্য বলেন, বিদেশে নেওয়ার প্রস্তুতি সম্পূর্ণ রয়েছে। তিনি ব্যাখ্যা করেন যে ১২–১৪ ঘণ্টার দীর্ঘ ফ্লাইট এবং উচ্চতার পরিবর্তন একজন গুরুতর অসুস্থ মানুষের জন্য ঝুঁকিপূর্ণ। তাই বোর্ড শারীরিকভাবে নিরাপদ মনে করলেই তাকে লন্ডনে নেওয়া হবে।
কাতার সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি।
গুজবে কান না দেওয়ার আহ্বান
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো বিভিন্ন সংবাদকে “গুজব” উল্লেখ করে তিনি বলেন— “দয়া করে কেউ বিভ্রান্তি ছড়াবেন না। দেশনেত্রীর প্রতি শ্রদ্ধা থাকলে সত্য তথ্যের বাইরে কিছু প্রচার করবেন না।”
এবারও সুস্থ হবেন বলে আশাবাদ
তিনি বলেন, “সবসময় আল্লাহ উনাকে প্রতিকূলতা থেকে সুস্থ করেছেন। আমরা আশাবাদী—আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে এবারও তিনি সুস্থ হয়ে উঠবেন।”
রোগীদের অসুবিধায় দুঃখ প্রকাশ
এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার কারণে অন্য রোগীদের কোনো অসুবিধা হয়ে থাকলে দুঃখ প্রকাশ করেন অধ্যাপক জাহিদ। তিনি বলেন, হাসপাতালের স্টাফসহ সংশ্লিষ্ট সবাই চিকিৎসায় সম্পৃক্ত থাকায় ভিড় তৈরি হলে রোগীরা অসুবিধায় পড়তে পারেন—এর জন্য ক্ষমাপ্রার্থী।
তিনি জানান, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ঢাকায় উপস্থিত থেকে সার্বক্ষণিকভাবে চিকিৎসা কার্যক্রম তদারক করছেন।
ট্যাগ:





