স্টাফ রিপোর্টার, ০৮ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
ঢাকা: আগামী সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তিনি নির্বাচন আয়োজনের অগ্রগতি উপস্থাপন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদ।
বৈঠকে প্রধান উপদেষ্টার দিক থেকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।
সিইসি নাসির উদ্দিন জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত এবং সব কাজ সঠিকভাবে এগোচ্ছে।
প্রস্তুতিকালে ইসিকে সহযোগিতা করার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান সিইসি ও অন্যান্য কমিশনাররা। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
তিনি আরও বলেন, নাগরিকরা ইতোমধ্যে নির্বাচনী কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ায় দেশে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে।
ইসির প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।”
তিনি আরও বলেন, জাতিকে একটি সুন্দর নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে “ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যেই আমরা এগিয়ে চলেছি।”





