স্টাফ রিপোর্টার | ঢাকা
সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ৩১ জন কর্মকর্তাকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৮ ডিসেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের নিজ নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’-এর ১০(২) ধারার বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে।
এতে আরও জানানো হয়, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ১১ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ১১ ডিসেম্বর বিকেল থেকে তারা বর্তমান কর্মস্থল (প্রশিক্ষণ বা কর্মস্থল) থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হয়ে থাকলে তিনি বর্তমানে যেখানে কর্মরত আছেন, সেই দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যথাযথভাবে যোগদানপত্র দাখিল করবেন।





