ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোষণা

— সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি নাসির উদ্দিন

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ১০ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
ঢাকা: বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনের (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার বিকেলে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের রেকর্ড করা ভাষণ শেষে তিনি জানান, আগামীকাল সন্ধ্যা ৬টায় সিইসি জাতির উদ্দেশে ভাষণ দেবেন এবং সেখানেই নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।
এর আগে বিকেল ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে তাঁর ভাষণ রেকর্ড করা হয়। বিটিভি ও বেতারকে আগেই এই বিষয়ে অবহিত করে আনুষ্ঠানিক চিঠি প্রদান করা হয়েছিল।
দেশের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে ব্যাপক আগ্রহ ও আলোচনার মধ্যে আগামীকাল আনুষ্ঠানিক ঘোষণা আসছে, যা নির্বাচন ও গণভোট—দুয়েরই সময়সূচি ও প্রক্রিয়া নির্ধারণ করবে।