১২ ফেব্রুয়ারি ২০২৬: জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে — সিইসি নাসিরউদ্দিন

তফসিল ঘোষণা, সংস্কার বাস্তবায়ন ও স্বচ্ছ ভোটের অঙ্গীকার তুলে ধরলেন প্রধান নির্বাচন কমিশনার

স্টাফ রিপোর্টার, ১১ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
জাতির প্রতি বিস্তৃত আহ্বান জানিয়ে জাতীয় নির্বাচন ও জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫–এর ওপর অনুষ্ঠিতব্য গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএন নাসিরউদ্দিন।
বক্তব্যের শুরুতে তিনি মহান বিজয় দিবসের প্রাক্কালে দেশবাসীকে অভিনন্দন জানান এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে ২০২৪ সালের জুলাই–আগস্টের ছাত্রগণ অভ্যুত্থানে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন, “স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি আমাদের ভালোবাসাই জাতি হিসেবে আমাদের মূল শক্তি।”
তিনি উল্লেখ করেন, জনগণের মালিকানা নিশ্চিত করার একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন। অতীতে মানসম্মত নির্বাচন না হওয়ায় জাতীয় প্রত্যাশা ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেন সিইসি। ২০২৪ সালের আন্দোলনে শহীদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে তিনি প্রতিশ্রুতি দেন—একটি সুষ্ঠু, সুন্দর, নির্ভুল ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার।
নির্বাচন কমিশনের এক বছরের প্রস্তুতি
সিইসি জানান, গত এক বছরে একটি স্বচ্ছ ভোটার তালিকা গঠনের লক্ষ্যে নতুন ভোটার অন্তর্ভুক্তি, ভোটবিমুখ ও বাদপড়া ৪৫ লাখ ভোটারকে তালিকাভুক্ত করা হয়েছে। একই সঙ্গে ২১ লাখ মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে।
পুরুষ-নারী ভোটার ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে এবং আইন সংশোধনের মাধ্যমে ভোটার হওয়ার যোগ্যতার দিন নির্ধারণে নমনীয়তা আনা হয়েছে।
১৮ নভেম্বর প্রকাশিত তথ্য অনুযায়ী বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন—
পুরুষ: ৬ কোটি ৪৮ লাখ ১৪,৯০৭
নারী: ৬ কোটি ২৮ লাখ ৭৯,৪২
নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধি, জবাবদিহিতা নিশ্চিতকরণ, গণপ্রতিনিধিত্ব আদেশ ও আচরণবিধি সংশোধনসহ বিস্তৃত আইনি সংস্কার সম্পন্ন হয়েছে।
এবারের নির্বাচনের বিশেষ বৈশিষ্ট্য
সিইসি জানান, এ নির্বাচন জাতির ইতিহাসে অনন্য—
১) গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার নির্বাচন।
২) জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে।
৩) রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ।
৪) রাজনৈতিক দলগুলোর সৌহার্দ্যপূর্ণ প্রতিযোগিতা প্রতিষ্ঠার সুযোগ।
৫) প্রবাসী বাংলাদেশিদের প্রথমবারের মতো ভোটাধিকার প্রদান।
৬) আইনি হেফাজতে থাকা ভোটার, কর্মস্থলে থাকা সরকারি কর্মচারী ও নির্বাচন–সংশ্লিষ্ট কর্মীদেরও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ।
তিনি জানান, পোস্টাল ভোট বিডি অ্যাপ এর মাধ্যমে প্রবাসী ও অন্যান্য যোগ্য ভোটাররা ২৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।
ভোটারদের প্রতি আহ্বান
তিনি বলেন, “ভোট কেবল অধিকার নয়, এটি পবিত্র আমানত—ভয়-ভীতি, প্রলোভন ও চাপের বাইরে থেকে আপনারা ভোটাধিকার প্রয়োগ করবেন।”
বয়স্ক, নারী, প্রতিবন্ধী, গর্ভবতী নারীসহ সবাইকে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসার আহ্বান জানান।
ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলা
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে ভুয়া তথ্য ও বিদ্বেষমূলক প্রচারণা রাজনৈতিক স্থিতি ও নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করছে বলে উল্লেখ করে তিনি সতর্ক করেন: “অসত্য তথ্য শেয়ার করাও শাস্তিযোগ্য অপরাধ।”
প্রার্থী, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের প্রতি বার্তা
তিনি প্রার্থীদের উদ্দেশে বলেন—আচরণবিধি মেনে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে হবে। নির্বাচন–সংশ্লিষ্ট কর্মীদের নিরপেক্ষতা বজায় রাখার কঠোর নির্দেশ দেন সিইসি।
গণমাধ্যম ও পর্যবেক্ষকদের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল
ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার
মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ: ২৯ ডিসেম্বর ২০২৫
বাছাই: ৩০ ডিসেম্বর ২০২৫
আপিল দাখিল: ১১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত
আপিল নিষ্পত্তি: ১২–১৮ জানুয়ারি ২০২৬
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ: ২০ জানুয়ারি ২০২৬
প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি ২০২৬
প্রচারণা: ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত