হাদীর উপর হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

ঢাকা মহানগর দক্ষিণের তাৎক্ষণিক মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ১২ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
ঢাকা-৮ আসনের প্রার্থী ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদ, ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাত ৮টার দিকে আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে দৈনিক বাংলা মোড়, পল্টন মোড় প্রদক্ষিণ করে পুনরায় আল রাজী কমপ্লেক্সের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, হাদীর উপর হামলা দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশের চরম অভাবকে প্রমাণ করে। গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান অভিযোগ করে বলেন, হাদীর উপর গুলি দেশে নির্বাচনের অনিশ্চিত পরিস্থিতির প্রতিফলন। তিনি আরও বলেন, আগে ভিপি নূরুল হক নুরের উপর হামলার বিচার না হওয়ায় আজ আবারো একই ধরনের ঘটনা ঘটেছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় সরকার কোনভাবেই এড়াতে পারে না।
দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, তিন মাস আগে নুরুল হক নুরের ওপর হামলার বিচার হলে আজ হাদীর ওপর হামলার সাহস কেউ পেত না। তিনি অভিযোগ করেন, সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ এবং সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পরিস্থিতি নিয়ে উদাসীন মন্তব্য করছেন, যা আরও উদ্বেগ বাড়িয়েছে। তফসিল ঘোষণার পরদিনই প্রার্থীর ওপর হামলার ঘটনায় নির্বাচন করতে আগ্রহী নেতাকর্মীরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে তিনি মন্তব্য করেন।
সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এডভোকেট নাজিম উদ্দীন। সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উচ্চতর পরিষদ সদস্য আব্দুজ জাহের, মাহফুজুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক ঈসমাইল বন্ধন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান ও ছাত্র নেতা হাসিব প্রমুখ।