বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার

রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা, প্রয়োজন হলে বিদেশে চিকিৎসার ব্যবস্থাও বিবেচনায়

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ১৬ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
জাতীয় নেত্রী, দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক রাজনীতির অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা দেশবাসীর জন্য উদ্বেগের বিষয় বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি শুরু থেকেই সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে তিনি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি তাঁর অবিচল অঙ্গীকার, দেশের উন্নয়নে অবদান এবং তাঁর প্রতি জনগণের শ্রদ্ধাময় আবেগ বিবেচনায় নিয়ে সরকার ইতোমধ্যেই তাঁকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দিয়েছে।
সরকার জানায়, বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করতে তাঁর পরিবারের ইচ্ছাকে সম্মান জানিয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। দেশে চলমান চিকিৎসার পাশাপাশি প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থাসহ সব দিক বিবেচনায় রাখা হয়েছে।
সরকার আশাবাদ ব্যক্ত করে জানায়, তাঁর চিকিৎসা ও সুস্থতা নিশ্চিত করতে রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্বশীল ভূমিকা অব্যাহত থাকবে।