জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ: শহিদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শহিদ শরিফ ওসমান হাদির ইন্তেকাল, পরিবার ও সন্তানের দায়িত্ব নেবে সরকার

স্টাফ রিপোর্টার, ১৮ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টা জানিয়েছেন, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ইন্তেকাল করেছেন। তিনি বলেন, এই অকাল মৃত্যু দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি।

প্রধান উপদেষ্টা জানান, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান টেলিফোনে তাকে এই হৃদয়বিদারক সংবাদটি অবহিত করেন। তিনি শহিদ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনা করেন এবং তাকে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের অমর সৈনিক হিসেবে উল্লেখ করেন।

ভাষণে তিনি ঘোষণা দেন, শহিদ শরিফ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের সম্পূর্ণ দায়িত্ব সরকার গ্রহণ করবে। একই সঙ্গে তাঁর মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওইদিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

প্রধান উপদেষ্টা আরও জানান, আগামীকাল শুক্রবার বাদ জুম্মা দেশের সব মসজিদে শহিদ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

তিনি সিঙ্গাপুর সরকার ও চিকিৎসা টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, চিকিৎসায় তারা সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্ব দেখিয়েছে। বিশেষ করে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান নিজে একজন চিকিৎসক হিসেবে হাদির চিকিৎসায় যুক্ত ছিলেন এবং নিয়মিত চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর রেখেছেন।

এই হত্যাকাণ্ডকে নৃশংস আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এ বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে ধৈর্য ও সংযম বজায় রাখতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পেশাদারিত্বের সঙ্গে তদন্ত পরিচালনার সুযোগ দিতে হবে। রাষ্ট্র আইনের শাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, শহিদ শরিফ ওসমান হাদি ছিলেন গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ এবং আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সক্রিয় ভূমিকা রাখার স্বপ্ন দেখতেন। তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আজ সমগ্র জাতির কাঁধে ন্যস্ত।

শেষে প্রধান উপদেষ্টা বলেন, শহিদ হাদির আদর্শ ও ত্যাগকে শক্তিতে পরিণত করে অপপ্রচার ও গুজব পরিহার করে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, ন্যায়বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে হবে—এটাই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা।