‘খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়নি’ — ডা. জাহিদ

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারম্যান, দেশবাসীর কাছে দোয়া চাইলেন চিকিৎসক

স্টাফ রিপোর্টার, ১৯ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নি বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ডা. জাহিদ হোসেন জানান, গত ২৩ নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ও দেশবাসীর দোয়ায় গত এক মাসে তার শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল রয়েছে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে বেগম খালেদা জিয়ার শরীরে একটি ছোট প্রসিজিউর করা হয়েছে। সেটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তিনি ভালোভাবেই তা গ্রহণ করতে পেরেছেন। বর্তমানে তিনি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন, যেখানে আইসিইউর সব ধরনের সুবিধা রয়েছে।

ডা. জাহিদ বলেন, “সিসিইউ বলতে এখানে করোনারি কেয়ার ইউনিট বোঝানো হচ্ছে না, এটি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। সাধারণভাবে বলতে গেলে, তিনি আইসিইউতেই আছেন।” তিনি জানান, আজকের প্রসিজিউরের পরও বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নি এবং এই মুহূর্তে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পরিবারের অন্যান্য সদস্য এবং দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার সার্বিক সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। চিকিৎসা কার্যক্রম যেন অব্যাহত থাকে এবং বর্তমান স্থিতিশীল অবস্থা থেকে তাকে ধীরে ধীরে সুস্থতার দিকে নিয়ে যাওয়া যায়—এই কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান, চিকিৎসক ডা. রফিকুল ইসলাম, ডা. মামুন এবং হাসপাতালের নিরাপত্তা বাহিনীর সদস্যরা।