হাদির হত্যাকাণ্ড মানে দেশের স্বাধীনতা ও সর্বভৌমত্বের উপর আঘাত: ইশরাক

ওসমান হাদি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ওয়ারীতে বক্তব্য বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের

স্টাফ রিপোর্টার, ১৯ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।

ওসমান হাদি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বিএনপির মনোনীত ঢাকা-৬ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, “এই হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত।”

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাজধানীর ওয়ারী থানার ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এক সামাজিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, এলাকায় গ্যাস সমস্যার বিষয়ে অভিযোগ পাওয়ার পর তিনি নিজে তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ে গিয়ে ব্যবস্থাপনা পরিচালক (এমডি)-এর সঙ্গে কথা বলেছেন। পরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ একটি টিম পাঠিয়ে এলাকায় সরেজমিনে পরিদর্শন করে একটি কারিগরি প্রতিবেদন দেয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, জাতীয় গ্রিডে গ্যাসের স্বল্পতার কারণে লাইনের ডাউনস্ট্রিম এলাকায় পর্যাপ্ত গ্যাস সরবরাহ সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, “আমি এখানে সম্পূর্ণ স্বচ্ছ থাকতে চাই। বৈধ গ্যাস সংযোগ বিনামূল্যে নিশ্চিত করতেই আমি সেখানে গিয়েছিলাম। এর বাইরে যদি কেউ তিতাস গ্যাস বা অন্য কারও নাম ব্যবহার করে অবৈধভাবে অর্থ আদায় করে থাকে, তার সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই।”

জলাবদ্ধতার বিষয়ে ইশরাক হোসেন বলেন, ঢাকা শহরের এটি একটি ভয়াবহ ও দীর্ঘদিনের সমস্যা। বিএনপি ক্ষমতায় এলে স্বল্পমেয়াদি ব্যবস্থার পাশাপাশি দীর্ঘমেয়াদে আধুনিক ও টেকসই ড্রেনেজ সিস্টেম গড়ে তোলা হবে, যাতে ভবিষ্যতে ঢাকায় জলাবদ্ধতা না থাকে। একই সঙ্গে তিনি দুর্নীতিমুক্তভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সাম্প্রতিক ওসমান হাদি হত্যাকাণ্ড প্রসঙ্গে ইশরাক হোসেন অভিযোগ করেন, আওয়ামী লীগ সন্ত্রাসী রাজনীতির ধারায় বিশ্বাসী এবং গুপ্ত হত্যার মাধ্যমে রাজনৈতিক ফায়দা লুটতে চায়।

তিনি বলেন, “আমরা কোনো সন্ত্রাসকে ভয় পাই না। জীবন-মৃত্যুর মালিক আল্লাহ। জনগণের পাশে থেকে বুক ফুলিয়ে রাজনীতি করে যাব।”

উপস্থিত নেতাকর্মী ও ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গিয়ে বিএনপির পরিকল্পনা, তারেক রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বের কথা পৌঁছে দিতে হবে। তিনি আশা প্রকাশ করেন, জনগণ ব্যালটের মাধ্যমেই এর জবাব দেবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ারী থানা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব লিয়াকত আলী, ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী ফরহাদ হোসেন মুকুল, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ রাহাত, যুগ্ম আহ্বায়ক মোঃ ইব্রাহিম মোল্লা, ওয়ারী থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ নাহিদ হোসেন নাহিদ, ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন, ওয়ারী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদ হোসেনসহ আরও অনেকে।