স্টাফ রিপোর্টার, ২০ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
জানাজা পূর্ববর্তী এক আবেগঘন ভাষণে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও সমাজচিন্তক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, “ওসমান হাদিকে বিদায় জানাতে আমরা আসিনি। তিনি আমাদের বুকের ভেতরে আছেন, আর বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন তিনি সব বাংলাদেশির হৃদয়ে বেঁচে থাকবেন।”
উপস্থিত মুসল্লি ও দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ওসমান হাদির রেখে যাওয়া আদর্শ—মানবপ্রেম, মানুষের সঙ্গে বিনয়ী আচরণ, রাজনৈতিক শালীনতা ও নৈতিক দৃষ্টিভঙ্গি—এগুলো কেবল স্মরণ করার বিষয় নয়, বরং জীবনে বাস্তবায়নের অঙ্গীকার।
“আমরা আজ এখানে ওয়াদা করতে এসেছি,” বলেন তিনি, “যে আদর্শ তিনি আমাদের দিয়ে গেছেন, তা আমরা শুধু আজ নয়—পুরুষানুক্রমে বাংলাদেশের মানুষ ধারণ করবে।”

ড. ইউনুস বলেন, ওসমান হাদি যে ‘চল বলবীর, চির উন্নত মম শীর’—এই চেতনামন্ত্র রেখে গেছেন, তা জাতির জন্য এক অনন্য শক্তি। “এই মন্ত্র আমাদের মাথা উঁচু করে চলতে শেখায়,” তিনি বলেন, “কোনো অন্যায়ের কাছে মাথা নত না করার সাহস জোগায়।”
বক্তব্যে ওসমান হাদির রাজনৈতিক আচরণ ও নির্বাচনকেন্দ্রিক শিক্ষার কথাও তুলে ধরেন ড. ইউনুস। তিনি বলেন, মানুষের কাছে কীভাবে সম্মানের সঙ্গে যেতে হয়, কীভাবে কষ্ট না দিয়ে মত প্রকাশ করতে হয়, কীভাবে বিনয়ের সঙ্গে রাজনীতি করতে হয়—এসব শিক্ষা ওসমান হাদি হাতে-কলমে দেখিয়ে গেছেন।

“আমরা চাই, আমাদের রাজনীতি সেই শিক্ষার আলোতেই পরিচালিত হোক,” যোগ করেন তিনি।
শেষ পর্যায়ে ড. ইউনুস বলেন, “ওসমান হাদি হারিয়ে যাননি। তিনি আমাদের সঙ্গে আছেন, থাকবেন। আজ আমরা তাকে আল্লাহর কাছে আমানত রেখে গেলাম—এই অঙ্গীকার নিয়ে যে, তার আদর্শ স্মরণ করেই আমরা জাতির অগ্রগতির পথে এগিয়ে যাব।”






