স্টাফ রিপোর্টার, ২৪ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনার পর বেশ কয়েকটি আসনে সমঝোতার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব।
মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ইতোমধ্যে যারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিএনপিতে যোগ দিয়েছেন বা যোগ দেবেন, তাদের জন্য নির্দিষ্ট কয়েকটি আসনে সমঝোতা চূড়ান্ত হয়েছে। এসব আসনে তারা বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে নির্বাচন করবেন এবং ওই আসনগুলোতে বিএনপির পক্ষ থেকে আলাদা কোনো প্রার্থী দেওয়া হবে না।
তিনি জানান, সমঝোতার ভিত্তিতে কুমিল্লা-৭ আসনে এলডিপি থেকে বিএনপিতে যোগ দেওয়া ডা. রিদোয়ান আহমেদ, ফরিদপুর-১ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ডা. ফরিদুজ্জামান ফরহাদ এবং যশোর-৫ আসনে ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস নির্বাচন করবেন।
এছাড়া ঝিনাইদহ-৪ আসনে গণঅধিকার পরিষদের মোহাম্মদ রাশেদ খান, ঢাকা-১৩ আসনে এনডিএমের ববি হাজ্জাজ, ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের নুরুল হক নূর এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের মোহাম্মদ জুনায়েদ ও আব্দুর রহিম সাকি নির্বাচনে অংশ নেবেন।
বিএনপি মহাসচিব আরও বলেন, যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আলোচনা এখনও চলমান রয়েছে। ভবিষ্যতে নতুন কোনো সিদ্ধান্ত হলে তা গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।





