স্টাফ রিপোর্টার, ২৮ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসন থেকে (বিএনপি)-এর মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের নাম চূড়ান্তভাবে ঘোষণা করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে তীব্র ভাষায় জানানো হয়, দলীয় মনোনীত প্রার্থীর পক্ষেই কাজ করতে হবে দলের সকল নেতা ও কর্মীকে। অন্যথায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে বহিষ্কারের কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব এই সতর্কবার্তা দেন। তাঁর বক্তব্যের পরপরই ধানের শীষের মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা এম এ সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।
এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে ব্যারিস্টার জাকির বলেন,
“আজ থেকে আমাদের সকলের পরিচয় একটাই—আমরা ধানের শীষের সৈনিক। ব্যক্তিগত কোনো হিসাব নয়, দল ও জনগণের স্বার্থই হবে আমাদের একমাত্র লক্ষ্য। ঐক্যবদ্ধ থাকলে ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে।”
তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা ও মহাসচিবের সতর্কবার্তা মেনে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি। বাগেরহাটের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একসাথে কাজ করার প্রতিশ্রুতি দেন বিএনপির এই মনোনীত প্রার্থী।





