ঢাকা: জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে তিনি তিনদিনের রাষ্ট্রীয় শোক এবং জানাযার দিন একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন।
প্রধান উপদেষ্টা ভাষণের শুরুতে বলেন, “প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ।” তিনি বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উচ্চারণ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। তাঁর গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় অবদান ইতিহাসে অম্লান হয়ে থাকবে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁর আপসহীন নেতৃত্ব জাতিকে বারবার মুক্তির পথ দেখিয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবিচল ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।
শোকের এই মুহূর্তে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই যেন ধৈর্য ও সংযমের পরিচয় দেন এবং কোনো ধরনের অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা রুখে দিতে সজাগ থাকেন।
ভাষণের শেষাংশে প্রধান উপদেষ্টা বলেন, “মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে ধৈর্য, শক্তি ও ঐক্যবদ্ধ থাকার ক্ষমতা দিন।”





