দেবিদ্বারে ব্যাংক খেলাপি প্রার্থীর তথ্য গোপনের অভিযোগ, ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান
স্টাফ রিপোর্টার, ২ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
দেবিদ্বার আসনের নির্বাচনী প্রক্রিয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন , সমন্বয়ক, । তিনি বলেন, দল থেকে তাকে মনোনয়ন দেওয়া হয় এবং গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেন। আজ মনোনয়ন বাছাই শেষে প্রাথমিকভাবে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
তবে তিনি অভিযোগ করেন, একই আসনের এক প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইচ্ছাকৃতভাবে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন। ওই প্রার্থী একজন উইলফুল ব্যাংক ডিফল্টার হওয়া সত্ত্বেও একাধিক আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণ পরিশোধ না করার তথ্য এবং হাইকোর্টের স্থগিতাদেশ (স্টে) সংক্রান্ত বিষয় মনোনয়নপত্রে উল্লেখ করেননি। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী এটি প্রার্থিতা বাতিলের যোগ্য অপরাধ বলেও তিনি দাবি করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমরা প্রশাসনের কাছে পর্যাপ্ত তথ্য, প্রমাণ ও যুক্তি উপস্থাপন করেছি। কিন্তু এরপরও প্রশাসনের আচরণ কতটা নিরপেক্ষ ছিল, তা প্রশ্নবিদ্ধ। এতে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।”
জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত দেড় বছরে একাধিক সহিংস ঘটনার ক্ষেত্রে স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও দৃশ্যমান বিচার বা ব্যবস্থা দেখা যায়নি, যা প্রশাসনিক গাফিলতিরই বহিঃপ্রকাশ। তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক শক্তি প্রশাসন ও পুলিশকে প্রভাবিত করার চেষ্টা করছে, ফলে পুলিশ কমিশন বা প্রশাসনিক সংস্কার কমিশনের মতো উদ্যোগ এখনো বাস্তবায়ন হয়নি।
তিনি বলেন, “এই নির্বাচনই প্রমাণ করবে প্রশাসন আসলে কতটা সংস্কার হয়েছে বা হয়নি।”
দেবিদ্বারের ভোটারদের উদ্দেশে আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার পর এবার জনগণের সামনে যোগ্য প্রার্থী বেছে নেওয়ার সুযোগ এসেছে। মা-বোন, ভাই, রেমিটেন্স যোদ্ধা, চাকরিজীবী, শিক্ষক, পেশাজীবীসহ সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া তরুণ প্রজন্ম ও প্রথমবার ভোট দিতে যাওয়া ভোটারদের অংশগ্রহণকে তিনি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
তিনি আরও জানান, এটি তার প্রথম মনোনয়ন এবং তার প্রার্থিতাকে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ জোটের সমর্থন রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেবিদ্বারের জনগণ বিপুল ভোটে তাকে বিজয়ী করবে এবং ওই দিনই বিজয় উদযাপিত হবে।





