ঢাকা, ৮ জানুয়ারি, ২০২৬ | স্টাফ রিপোর্টার | নিউজ চ্যানেল বিডি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশে কোনো পাতানো নির্বাচন হবে না এবং রাজপথে নামারও দরকার নেই। তিনি বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল দায়ের কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান।
মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি প্রসঙ্গে তিনি বলেন, “আপিল কর্তৃপক্ষ হিসেবে সর্বোচ্চ ন্যায়বিচার নিশ্চিত করবে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তা কোনো মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল করলে উভয় ক্ষেত্রেই সংক্ষুব্ধ ব্যক্তির আপিল করার সুযোগ রয়েছে। আমরা ইনসাফে বিশ্বাসী। শুনানি শেষে আইন ও বিধিবিধান অনুযায়ী ন্যায়বিচার করা হবে।”
সিইসি আরও বলেন, অতীতে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন সহিংসতা ও বোমাবাজির ঘটনা ঘটত। কিন্তু এবার অত্যন্ত সুন্দর পরিবেশে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে এবং কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। তিনি জানান, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলে প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে।
তিনি বলেন, “নির্বাচন কমিশন এখন মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। দূর-দূরান্ত থেকে মানুষ আপিল করতে আসছেন, যা নির্বাচনের প্রতি মানুষের আগ্রহের প্রমাণ। আমরা বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছি।”
এদিকে, মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আজ চতুর্থ দিনের মতো আপিল দায়ের শুরু হয়েছে। ইসির কর্মকর্তারা জানান, গত বুধবার নির্বাচন কমিশনে ১৩১টি আপিল দায়ের করা হয়। এতে গত তিন দিনে মোট আপিলের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৫টি।
অঞ্চলভিত্তিক আপিলের সংখ্যা হলো: খুলনা ১১, রাজশাহী ১৫, রংপুর ৯, চট্টগ্রাম ১০, কুমিল্লা ১৯, ঢাকা ৩১, ময়মনসিংহ ১৬, বরিশাল ৯, ফরিদপুর ৭।
ইসি সূত্রে জানা গেছে, ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদের ৩০০ আসনে জমা পড়া মোট ২,৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১,৮৪২টি বৈধ এবং ৭২৩টি বাতিল ঘোষণা করা হয়।
রিটার্নিং কর্মকর্তার আদেশে সংক্ষুব্ধ কোনো প্রার্থী বা প্রতিষ্ঠান ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে নির্বাচন কমিশন বরাবর আপিল করতে পারবেন। আপিলের ক্ষেত্রে মূল কাগজের ১ সেট ও ৬ সেট ফটোকপি মেমোরেন্ডাম আকারে জমা দিতে হবে।
আপিল শুনানি ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে প্রতিদিন সকাল ১০টা থেকে নির্বাচন ভবনের বেইজমেন্ট-২ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। ফুল কমিশন এ শুনানি গ্রহণ করবেন।
ইসির তথ্য অনুযায়ী, ১০ জানুয়ারি ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি, ১১ জানুয়ারি ৭১ থেকে ১৪০, ১২ জানুয়ারি ১৪১ থেকে ২১০, ১৩ জানুয়ারি ২১১ থেকে ২৮০, ১৪ জানুয়ারি ২৮১ থেকে ৩৫০, ১৫ জানুয়ারি ৩৫১ থেকে ৪২০, ১৬ জানুয়ারি ৪২১ থেকে ৪৯০, ১৭ জানুয়ারি ৪৯১ থেকে ৫৬০ এবং ১৮ জানুয়ারি ৫৬১ নম্বর থেকে অবশিষ্ট আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
শুনানি শেষে ফলাফল মনিটরে দেখানো হবে। একই সঙ্গে রায়ের পিডিএফ কপি ও আপিলের সিদ্ধান্ত সংশ্লিষ্ট পক্ষের ই-মেইল ঠিকানায় পাঠানো হবে এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে রায়ের অনুলিপি বিতরণ করা হবে।
ট্যাগ: নির্বাচন কমিশন, সিইসি, মনোনয়নপত্র, আপিল, বাংলাদেশ নির্বাচন, রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন আপডেট





