স্টাফ রিপোর্টার, ৮ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
বিদেশ ভ্রমণের জন্য পাসপোর্টে বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্টের ক্ষেত্রে মানি চেঞ্জাররা সর্বোচ্চ ৩০০ টাকার বেশি ফি নিতে পারবেন না—এমন নির্দেশনা দিয়েছে ।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলো ডলার, ইউরোসহ বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্টের সময় গ্রাহকের কাছ থেকে সেবা ফি বাবদ সর্বোচ্চ ৩০০ টাকা নিতে পারবে। এর বেশি আদায় করা হলে তা অনিয়ম হিসেবে গণ্য হবে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, সম্প্রতি যাত্রীদের কাছ থেকে এনডোর্সমেন্টের নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বাড়ায় এই সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে ৫০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছিল।
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, নির্ধারিত ফি ছাড়াও মানি চেঞ্জাররা বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয়ে নির্ধারিত রেট অনুসরণ করতে বাধ্য থাকবে। এনডোর্সমেন্ট ফি ও মুদ্রার রেট আলাদাভাবে স্পষ্টভাবে জানাতে হবে এবং গ্রাহককে রসিদ দিতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, কোনো মানি চেঞ্জার এই সিদ্ধান্ত অমান্য করলে তাদের লাইসেন্স স্থগিত বা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে গ্রাহকদের অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে জানাতে অনুরোধ করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত কার্যকরভাবে বাস্তবায়িত হলে বিদেশগামী যাত্রীদের হয়রানি কমবে এবং মানি চেঞ্জার খাতে শৃঙ্খলা ফিরবে।





