দীর্ঘ নির্বাসন শেষে উত্তরবঙ্গ সফরে তারেক রহমান, টাঙ্গাইলে সর্বোচ্চ প্রস্তুতি

মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু হচ্ছে সফর; ব্যাপক জনসমাগমের প্রত্যাশা

স্টাফ রিপোর্টার | ৯ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

দীর্ঘ নির্বাসিত জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফর শুরু হচ্ছে টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারতের মধ্য দিয়ে। এই সফরকে কেন্দ্র করে টাঙ্গাইলজুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

তারেক রহমানের সফর উপলক্ষে মাওলানা ভাসানীর মাজার প্রাঙ্গণে সকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ সুপার, র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তায় নিয়োজিত সিএসএফ সদস্যরাও সকাল থেকেই এলাকায় অবস্থান করছেন।

মাজার প্রাঙ্গণ, ভাসানী চত্বর, প্রবেশমুখ এবং আশপাশের গুরুত্বপূর্ণ স্থানগুলো সরেজমিনে পরিদর্শন করা হচ্ছে। সম্ভাব্য বিপুল সংখ্যক জনসমাগমের কথা বিবেচনায় রেখে সার্বিক নিরাপত্তা, যান চলাচল ও শৃঙ্খলা বজায় রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “দেশনায়ক তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর সম্প্রতি দেশে ফিরে ঢাকায় এসেছেন। ঢাকায় তার আগমন উপলক্ষে রেকর্ডসংখ্যক জনসমাগম হয়েছে।”

তিনি আরও বলেন, “আগামী ১১ জানুয়ারি টাঙ্গাইলে ইনশাআল্লাহ সর্বোচ্চ জনসমাগম হবে এবং একটি নতুন ইতিহাস সৃষ্টি হবে। টাঙ্গাইলের মানুষ আনন্দ ও উৎসাহের সঙ্গে দেশনায়ক তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত। পুরো এলাকায় ঈদের আমেজ বিরাজ করছে।”

সুলতান সালাউদ্দিন টুকু জানান, এই প্রথম তারেক রহমান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করতে আসছেন, যা টাঙ্গাইলবাসীর জন্য একটি আবেগঘন ও ঐতিহাসিক মুহূর্ত। তিনি বলেন, “মাওলানা ভাসানী স্বাধীনতার বীজ বপন করেছিলেন। তার মাজার জিয়ারতের মাধ্যমে সফর শুরু হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”

যানজট ও জনভোগান্তি এড়াতে প্রশাসনের পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও স্বেচ্ছাসেবী টিম মাঠে কাজ করবে বলে জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী সার্বিক বিষয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে।