স্টাফ রিপোর্টার | ১১ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
সাম্প্রতিক সময়ে কিছু ঘটনার প্রেক্ষিতে দেখা গেছে, অপপ্রচারের কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণের চেষ্টা করা হচ্ছে। নরসিংদীতে একজন ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনা প্রাথমিকভাবে পারিবারিক কলহ এবং ব্যবসায়িক বিরোধের কারণে ঘটেছে বলে ধারণা করা হয়েছে। মৃতব্যক্তির ধর্মীয় পরিচয় সনাতন হওয়ায়, বিভিন্ন স্থান থেকে মিথ্যা প্রোপাগান্ডা সৃষ্টি হয়েছিল যে এটি সাম্প্রদায়িক হামলার ঘটনা।
প্রেস সচিব বলেন, “এই ধরনের ঘটনার ভিত্তিতে কিছু বিশিষ্ট নাগরিক বিবৃতি প্রদান করেছেন। তবে তারা অতীতে বিভিন্ন ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও পরিদর্শন করেছেন। আমরা প্রত্যাশা করি কেউই মিথ্যা বা বানোয়াট তথ্যের ভিত্তিতে প্রভাবিত হয়ে বিবৃতি দেবেন না, এবং প্রয়োজনে সরজমিনে ভিজিট করে পরিস্থিতি যাচাই করবেন।”
তিনি আরও বলেন, “যদি এই ধরনের মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা একসাথে মিলিত হয়, তবে তা সাম্প্রদায়িক সম্প্রীতিকে ক্ষুণ্ণ করার বড় ভূমিকা রাখতে পারে। তাই সবাইকে সতর্ক এবং দায়িত্বশীল থাকতে হবে।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে যথেষ্ট নিয়ন্ত্রণে আছে। প্রেস সচিব জানান, তিনটি বড় ইভেন্ট সুচারুভাবে সম্পন্ন হয়েছে এবং ল এন্ড অর্ডার পরিস্থিতি ভালোভাবে ম্যানেজ করা হয়েছে।
নিরাপত্তা বাহিনী নির্বাচনকে সামনে রেখে যথেষ্ট প্রস্তুত। প্রায় ৮০% ট্রেনিং সম্পন্ন হয়েছে এবং সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলার জন্য পরিকল্পনা করা হয়েছে। হোম মিনিস্ট্রি একটি অ্যাপ তৈরি করছে, যা আগের দুর্গাপূজা সময়ের অভিজ্ঞতা অনুযায়ী প্রতিটি গুরুত্বপূর্ণ কেন্দ্রের সঙ্গে সংযুক্ত থাকবে।
প্রেস সচিব জানান, “এই অ্যাপের মাধ্যমে যদি কোথাও কোন সমস্যা তৈরি হয়, তাৎক্ষণিকভাবে র্যাপিড রেসপন্স টিম পাঠানো সম্ভব হবে। এছাড়া বডি অন ক্যামেরা, সিসিটিভি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে।”
তিনি সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার জন্য অনুরোধ করেন যাতে অপপ্রচারের প্রভাবে বিভ্রান্ত না হয়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা যায়।





