স্টাফ রিপোর্টার | ১২ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনসার সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ৪২,৭৬৬টি ভোটকেন্দ্রে ১৩ জন করে মোট ৫,৫৫,৯৫৮ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতিটি কেন্দ্রে ৩ জন অস্ত্রধারী, ৬ জন অস্ত্রবিহীন পুরুষ এবং ৪ জন অস্ত্রবিহীন নারী সদস্য থাকবেন। অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে প্রতিটি কেন্দ্রে ৩ জন অস্ত্রধারীর মধ্যে একজন সার্বক্ষণিকভাবে প্রিজাইডিং অফিসারের সঙ্গে দায়িত্ব পালন করবেন।
তিনি আরও জানান, সারাদেশে ১,১৯১টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে। প্রতিটি টিমে ১০ জন করে মোট ১১,৯১০ জন সদস্য দায়িত্ব পালন করবেন, যা নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করবে।
উপদেষ্টা বলেন, নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত বা বিঘ্নিত করতে পারে এমন কোনো অনৈতিক, পক্ষপাতমূলক বা দায়িত্ববহির্ভূত আচরণ থেকে আনসার সদস্যরা বিরত থাকবেন। তিনি বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু, যা শুধুমাত্র অর্থনীতিকে ক্ষতি করে না, প্রতিষ্ঠানকেও দুর্বল করে এবং জনগণের বিশ্বাস ভঙ্গ করে।
তিনি নবীন আনসার সদস্যদের মানবিক মূল্যবোধ, নৈতিকতা, সততা, দক্ষতা, বিচক্ষণতা ও সেবাধর্মী মনোভাব নিয়ে কর্মজীবনে প্রবেশ করার আহ্বান জানান। এছাড়া ডিজিটাল ব্যবস্থাপনা, পেশাগত উৎকর্ষ, কল্যাণমূলক কার্যক্রম, প্রশাসন ও প্রশিক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা করেন।
উপদেষ্টা আনসার-ভিডিপি তৃণমূল সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য ‘সঞ্জীবন’ প্রকল্প, আনসার-ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্ট, উন্নয়ন ব্যাংক ও কো-অপারেটিভের কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া উপদেষ্টা প্যারেড পরিদর্শন করেন, অভিবাদন গ্রহণ করেন এবং ৪ ক্যাটাগরিতে ৪ জন সেরা চৌকস প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।





