গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশব্যাপী প্রচারণা শুরু করল জাতীয় নাগরিক পার্টি

সংস্কারের মাধ্যমে ফ্যাসিবাদী ব্যবস্থা ভাঙতে ভোটের গাড়ি উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন আসিফ মাহমুদ

স্টাফ রিপোর্টার | ১৩ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসচেতনতা তৈরির লক্ষ্যে একটি ভোটের গাড়ি উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির নেতা আসিফ মাহমুদ। তিনি বলেন, গণভোট বিষয়ক সচেতনতা সৃষ্টি করাই এই ভোটের গাড়ির মূল উদ্দেশ্য। সারাদেশের মানুষের কাছে সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরতেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

আসিফ মাহমুদ বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রাপ্ত সংস্কারের প্ল্যাটফর্মকে নষ্ট করার জন্য ‘না’ ভোটের প্রচারণা শুরু করেছে। একই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা কিছু রাজনৈতিক দলও তৃণমূল পর্যায়ে ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিচ্ছে, যা কার্যত ফ্যাসিবাদী ব্যবস্থাকেই কায়েম রাখার চেষ্টা।

তিনি বলেন, চলমান ফ্যাসিবাদী ব্যবস্থা ভেঙে দিয়ে একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করা অত্যন্ত জরুরি।

এই লক্ষ্য বাস্তবায়নে জাতীয় নাগরিক পার্টি সারাদেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করেছে জানিয়ে তিনি বলেন, ভোটের গাড়ি উদ্বোধন সেই কর্মসূচিরই একটি গুরুত্বপূর্ণ অংশ।

তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে গণভোটের গুরুত্ব ও রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে ব্যাপক সচেতনতা সৃষ্টি হবে।